‘যে মাটিতে বঙ্গবন্ধু, শহীদরা ঘুমিয়ে সে মাটিতে ময়লা ফেলা নির্লজ্জ জাতির কাজ’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ পিএম

যে মাটিতে বঙ্গবন্ধু ও শহীদেরা ঘুমিয়ে আছেন, সে মাটিতে ময়লা ফেলা নির্লজ্জ জাতির কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রায় ৩০ লাখ প্লাস্টিক বোতলের এক ভিন্ন রকম প্রদর্শনী আয়োজন করা হয়। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিডি ক্লিন সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করে।

বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।

মেয়র আতিক বলেন, ‘আমরা যারা দামি দামি গাড়িতে চড়ি তারাই আবার গাড়িতে গ্লাস খুলে রাস্তায় ফেলি। এ মাটিতে ৩০ লাখ শহীদ ঘুমিয়ে আছেন, জাতির পিতা ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন। এ মাটিতে কীভাবে আমরা ময়লা ফেলি? নির্লজ্জ জাতি বলেই সম্ভব। তারা শহরকে ডাস্টবিন মনে করে। আমরা সবাই তাদের ধিক্কার জানাই’।

আতিক বলেন, ‘প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা  অনেক। একটি প্লাস্টিক বোতল ডিকম্পজ হতে ৪৫০ বছর সময় লাগে। এখন পৃথিবীতে প্রায় নয় দশমিক ছয় বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে। ২০৩০ সাল নাগাদ সাগরে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি হবে। ঢাকা শহরে প্রতিদিন সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয় যা ২০২১ সালে পাঁচ হাজার টনে উন্নীত হবে। এখনই সময় আমরা সচেতন  হয়ে সবাই মিলে সবার ঢাকা গড়তে তুলি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত