উপজেলা পরিষদ নির্বাচন

হাইমচরে সংঘর্ষে আ.লীগের বিদ্রোহী প্রার্থীসহ আহত ১০

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:০৭ এএম

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ প্রার্থী নুর হোসেন পাটোয়ারী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোতালেব জমাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিদ্রোহী প্রার্থী হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারসহ (৬০) অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার দুপুরে উপজেলার তেলিরমোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মোতালেব জমাদার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে মোতালেব জমাদারের সমর্থক মনির (২৫), সোহেল (৩৫), রাসেল (২২), সোহাগের (১৯) নাম জানা গেছে। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের প্রার্থী নুর হোসেনের পক্ষে নীলকমল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরদার তেলিরমোড় এলাকায় গণসংযোগ করছিলেন। তখন মোতালেব জমাদার ও তার নেতাকর্মীরা একই স্থানে গণসংযোগ করার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের জের ধরে দুই পক্ষ হাইমচর বাজারে অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

হাইমচর থানার ওসি এ কে এম জহিরুল ইসলাম খান বলেন, নৌকা প্রতীকের সমর্থক ও মোতালেব জমাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষ আবার জড়ো হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত