জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।
গতকাল সোমবার সকালে কলেজের অস্থায়ী ক্যাম্পাস চত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠার ৬ বছরেও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ শেষ হয়নি। ফলে শিক্ষার্থীদের চরম ভোগািন্ত পোহাতে হচ্ছে। এ বিষয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেন তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জামালপুর জেনারেল হাসপাতালের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে অধ্যক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলেও স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এফ এম সালেহ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। তাদের দাবির কথা প্রকল্প পরিচালককে জানিয়েছি। যত দ্রুত সম্ভব তাদের সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।’
