সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীকে সুপ্রিম কোর্টে শেষ শ্রদ্ধা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩০ এএম

সদ্যপ্রয়াত সাবেক প্রধান বিচারপতি মাহদুদুল আমীন চৌধুরী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন। গতকাল সোমবার সকাল পৌনে ১০টার দিকে তার মরদেহ সেখানে আনা হয়। পরে সাড়ে ১০টায় সেখানে তার জানাজা হয়।
জানাজায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীরা অংশ নেন। এ সময় মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তার স্মৃতিচারণ করে বক্তব্য দেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. ইমান আলী। তার প্রতি সম্মান জানাতে গতকাল আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম বন্ধ থাকে।
জানাজা শেষে মাহমুদুল আমীন চৌধুরীর মরদেহ সিলেটের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ এশা হযরত শাহজালালের (র.) মাজার সংলগ্ন কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে সকালে রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হয়। গত রবিবার সন্ধ্যায় সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী (৮২) ধানমণ্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত