বায়ুদূষণে দেশে লাখের বেশি মৃত্যু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১ এএম

বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর এক লাখের বেশি মানুষ মারা যায়। প্রায় সমানসংখ্যক মানুষ আক্রান্ত হয় নানারকম শারীরিক ও মানসিক ব্যাধিতে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বারসিক আয়োজিত ‘নগরের প্রবীণ এবং শিশুদের ওপর বায়ুদূষণের প্রভাব রোধে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে এ তথ্য জানানো হয়। সংলাপে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ এফেক্টস ইনস্টিটিউটের বরাত দিয়ে পরিবেশ বিশেষজ্ঞরা জানান, বায়ুদূষণের কারণে দেশে বছরে ১ লাখ ২২ হাজার ৪০০ মানুষ মারা যায়। একই সংখ্যক মানুষকে সারা বছর ধরে ভুগতে হয় ফুসফুসসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিল রোগে। উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে শারীরিকভাবে বিকলাঙ্গ এবং মানসিক বুদ্ধিমত্তাবিহীন বা নির্বোধ শিশুর সংখ্যা অনেক বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে পরিবেশবাদীরা।
পবার চেয়ারম্যান আবু নাসের খান সে সময় জানান, ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত এই ছয় বছরের ঢাকা শহরের বায়ুর মান পর্যালোচনা করে দেখা যায় যে, এ সময়ে ঢাকার বায়ু সবসময় আদর্শ বায়ুমানের চেয়ে চার থেকে ছয়গুণ বেশি ছিল।
নাগরিক সংলাপে পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, বারসিকের পরিচালক পাভেল পার্থ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত