নড়াইলে কৃষক লীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:০৭ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদকে কৃষক লীগ নেতা নূর ইসলাম মৃধা হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে লোহাগড়ার লক্ষ্মীপাশা বটতলা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাশেদ লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের গোলাম রসুলের ছেলে।

স্থানীয়রা জানান, ২০১৬ সালের ১৬ আগস্ট লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের মধ্যে বিরোধের জেরে মল্লিকপুর ইউনিয়ন কৃষক লীগের তৎকালীন সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ছাত্রলীগ নেতা রাশেদ এই হত্যা মামলার আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, নূর ইসলাম মৃধা হত্যা মামলায় রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত