ঢাবি ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল, নেতৃত্বে রাকিব-আমান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:২৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বাতিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সদস্য সচিব করে ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সোমবার রাতে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নানা নাটকীয়তার পর গত ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল হন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর প্রায় তিন মাস পর ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ১৫ জনকে সহ-সভাপতি এবং ১৫ জনকে যুগ্ম-সাধারণ এবং ১৫ জনকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া একজনকে সাংগঠনিক সম্পাদক, ১১ জনকে সহ-সাংগঠনিক এবং একজনকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত