ভিপি নুরের ওপর হামলা: তিন দিনের রিমান্ডে তিনজন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদি হাসান শান্ত।

ভিপি নুরুল হক নুরসহ অন্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ রইচ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সরদার মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের দায়ের করা মামলায় আটজনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার আট আসামি হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম এবং মাহবুব হাসান নিলয়।

আসামিদের মধ্যে সোমবার আল মামুন ও ইয়াসির আরাফাত তূর্যকে আটক করা হয়। পরে মেহেদি হাসান শান্ত নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় অন্তত ভিপি নুরসহ ৩৪ জন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত