নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), ভূলিগাও গ্রামের আ. কুদ্দুস (৩৮) ও বিশ্বনাথপুর গ্রামের সুলেমা খাতুন (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের পৌর শহরের উৎরাইল বাজারের দয়ালবাড়ি এলাকায় দুর্গাপুরগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় পাঁচজন যাত্রীর মধ্যে সকলেই আহত হলে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান।
দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ট্রাক আটক রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
