বলিউড তারকা কল্কি কোয়েচলিনকে শুরুর দিকে নানা ঘাত প্রতিঘাত সইতে হয়েছিল। জানা যায়, তার প্রথম ছবি ‘দেব ডি’ মুক্তি পাওয়ার পর সকলের নজরে পড়লেও সমালোচনার মুখে পড়তে হয় কল্কিকে। যদিও অনেকে তার দক্ষতা ও অভিনয়ের জন্যও প্রশংসা করেছে। কিন্তু নিন্দা ও সমালোচনাও কম হয়নি। এমনই সমালোচনা হয়েছে যে তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যেত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই সব দিনের কষ্টের কথা বলেছেন কল্কি। এমনকি বলিউড তারকা কল্কি জানিয়েছেন তাকে ‘রাশিয়ান যৌনকর্মী’ বলেও কটাক্ষ করা হয়েছে।
কল্কি ফরাসি হলেও তার জন্ম হয়েছে ভারতে। ফলে দেখতে স্বাভাবিকভাবেই ভারতীয়দের মতো নন তিনি। তার জন্মগত খয়েরি চুল, ফরসা রং নিয়েও শুনতে হয়েছে নানা কটাক্ষ। রাশিয়ান যৌনকর্মী— এই বলেই নাকি অভিনেত্রী কল্কিকে ডাকা হয়েছিল ক্যারিয়ারের শুরুতে। শুনতে হয়েছিল, ‘কোথা থেকে যে এই সব রাশিয়ান যৌনকর্মীদের নিয়ে আসা হয়!’ কিন্তু দমে যাননি তিনি। খুব ভালোভাবে প্রতিবাদ করে কল্কি বলেছিলেন, ‘আমি তো রাশিয়ান নই। কুৎসা করার আগে একটু ফ্যাক্ট চেক করে নিন অন্তত।’
ভারতীয় গণমাধ্যম জানায়, কাস্টিং কাউচের অফারও করা হয়েছিল কল্কিকে। এসেছিল নানা খারাপ ইঙ্গিত। যখনই বুঝেছেন খারাপ ইঙ্গিত দেওয়া হচ্ছে পালিয়ে এসেছেন সে জায়গা থেকে। শুরুতে ভয় লাগেনি? মনে হয়নি কী করে খাপ খাওয়াবেন এই গ্ল্যামার জগতে? সাক্ষাৎকারে কল্কি জানান, ‘শুরুতে বেশ কঠিন লেগেছিল। এত জায়গায় এত কথা লেখা হতো যে, খারাপ লাগত ।এখন সে সব লেখা আর পড়ি না। আর সেটাই আমার সুপার-পাওয়ার।’
এদিকে শিগগিরই মা হতে যাচ্ছেন কল্কি। তবে বিয়ে না করেই মাতৃত্বের স্বাদ নিচ্ছেন তিনি। বয়ফ্রেন্ড গাই-য়ের সঙ্গে তার লিভ ইন সম্পর্ক দীর্ঘদিনের। এদিকে বিয়ে না করে মা হওয়ার জন্যও কল্কিকে নানা কথা শুনতে হয়েছে। অনেকেই বলেছে, ‘অন্তঃসত্ত্বা, অথচ বিয়ে হয়নি’! ‘তুমি না প্রেগন্যান্ট, তোমার স্বামী কে?’, ‘বাচ্চা হবে? টাইট জামাকাপড় পরো না’... তাকে শুনতে হয়েছে এমন হাজারো খারাপ মন্তব্য। তারপরও কোনোদিকে পাত্তা না দিয়ে নিজের মতো পথ চলেছেন কল্কি কোয়েচলিন।
