ড্রেনের পানি উপচে রাস্তায়

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪২ পিএম

ড্রেনের পানি উপচে রাস্তা সয়লাব। এতে চারম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাসহ পথচারীদের। কদিন পরপরই এ চিত্র দেখা যায় রাজধানীর ইসলামপুরের সৈয়দ আওলাদ হোসেন রোডে। তখন নিরুপায় হয়ে হাঁটাপথ পাড়ি দিতে হয় রিকশা বা ভ্যানে। গুনতে হয় বাড়তি ভাড়া। স্থানীয়দের অভিযোগ, বারবার এখানকার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও মিলছে না সমাধান। সরেজমিন দেখা যায়, সৈয়দ আওলাদ হোসেন রোড ড্রেনের পানিতে তলিয়ে গেছে। পথচারীরা পারাপারের জন্য রিকশা ও ভ্যানের জন্য দাঁড়িয়ে আছেন। টাকার বিনিময়ে পার হচ্ছে অনেকে। কেউ আবার রাস্তায় ড্রেনের পানি মাড়িয়ে চলছেন। এলাকাবাসী জানিয়েছে, পাঁচ বছরে ধরে এ সমস্যা। ইসলামপুরের কাপড় ব্যবসায়ী ওয়ালীদ হোসেন ফাহিম বলেন, ‘এ রোডে কিছুদিন যেতে না যেতেই ড্রেনের পানি রাস্তায় উঠে যায়। এখানের ড্রেনেজ ব্যবস্থা খুবই বেহাল। অথচ এলাকাটি ব্যবসায়ী জোন হিসেবে বেশ পরিচিত। পানি ওঠার কারণে অনেক ক্রেতা এই রোড দিয়ে চলাচল বন্ধ করে দেন। ফলে লোকসান গুনতে হয়। স্থানীয় কাউন্সিলরকে
একাধিকবার জানিয়েছে। কিন্তু সমাধান মেলেনি।’ স্থানীয় কলেজছাত্র শাওন আহমেদ বলেন, ‘এ রোডে সবসময় পানি জমে থাকে। বৃষ্টির সময় কোমর পর্যন্ত পানি থাকে। পুরান ঢাকার অন্য এলাকায় ড্রেনেজ ব্যবস্থার অনেক কাজ হয়েছে। কিন্তু এখানে হয়নি। সরকারে উচিত এ সমস্যা দ্রুত সমাধান করা।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল ব্যবসায়ী বলেন,
‘ড্রেনের পানির দুর্গন্ধের কারণে এখানকার হোটেলে কেউ খেতে আসতে চান না।’ যত্রতত্র ময়লা ও পলিথিন ফেলে রাখায় পানি জমে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, ‘বাসিন্দারা যদি সচেতন হন, তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। তাছাড়া কাজ চলছে। শিগগিরই এখানকার পানি সরে যাবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত