আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করতে না পারলে আওয়ামী লীগের তেমন কোন ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) আয়োজিত বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন যেন সিটি করপোরেশন নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ কর্তৃত্ব স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। আর এই নির্বাচনে হারলেও আমাদের ক্ষতি হবে না।
নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিএনপিসহ দেশের অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। আমরা বিএনপিকে এই নির্বাচনে স্বাগত জানাচ্ছি।
কাদের বলেন, আমি ছোট-বড় অনেক সেতু নির্মাণ করেছি কিন্তু রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক জীবনেও সম্পর্কের সেতু নির্মাণ করার প্রয়োজন ছিল। এই সংকট নিরসনে আমাদের বিভাজন এবং মেরুকরণের রাজনীতি থেকে সরে আসতে হবে।
নির্মিতব্য মেট্রোরেল প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল স্টেশন করা হচ্ছে। এটা নিয়েও শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু আমরা তার কোনো কারণ খুঁজে পাই না। এই মেট্রোরেলের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটার কোনো সম্ভাবনাই নেই।
ডুপডার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সাংসদ নাজমুল হক, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মো. হুমায়ূন কবির, সাবেক সচিব মাহমুদুল হাসান, ডুপডার সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক প্রমুখ। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
