মানসিকভাবে ভেঙে পড়ায় গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের মাঠে হেরে গিয়েছিল বার্সেলোনা। এর নেতিবাচক প্রভাব পড়েছিল কোপা দেল রে’র ফাইনালেও। এমনটিই মনে করেন এরনেস্তো ভালভার্দে। তার বিশ্বাস, লিভারপুলকে হারাতে পারলে কোপায় ভ্যালেন্সিয়ার বিপক্ষেও বার্সেলোনা জয় পেত। বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী ভালভার্দে স্বীকার করেন, ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রোমার কাছে হেরে যাওয়ার নেতিবাচক প্রভাব দলকে আক্রান্ত করেছিল অ্যানফিল্ডে। ‘লিভারপুলের আগ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সময় পার করছিলাম। অ্যানফিল্ডে আমাদের সুযোগ ছিল। কিন্তু তারা দ্রুত গোল করল এবং মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম যে, রোমে যা ঘটেছিল আবারও তা ঘটতে পারে’Ñ বলেছেন ভালভার্দে, ‘দুর্বলতার সেই মুহূর্তের খেসারত আমরা দিয়েছি। এটা ছিল বছরের অন্যতম কঠিনতম মুহূর্ত।’ বার্সা কোচ বলেন, ‘স্বীকার করতেই হবে লিভারপুলে আমরা যে ধাক্কা খেয়েছিলাম তার কারণে কোপা দেল রে’র ফাইনালে (ভ্যালেন্সিয়ার বিপক্ষে) আমাদের মনোবল নিচে নেমে গিয়েছিল। লিভারপুলের বিপক্ষে জিততে পারলে কোপা দেল রে’র ফাইনালেও আমরা জিততাম।’ রোমার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে জিতেছিল বার্সেলোনা। পরে রোমে ৩-০ গোলে হেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। পরের মৌসুমে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জেতা বার্সেলোনা অ্যানফিল্ডে হেরে যায় ৪-০ গোলে। ইন্টারনেট।
×
