সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটিতে ভোটের দিন হওয়ায় তা পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকেই নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া, মহল্লায় এই পূজা উদযাপন করে। ৩০ জানুয়ারি ভোটগ্রহণ হলে বৃহৎ একটি অংশের ভোটগ্রহণে কিংবা পূজা পালনে বিঘ্ন ঘটবে।
গতকাল সাজন কুমার মিশ্র দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের সরস্বতী পূজার দিন নির্বাচন। ঢাকা সিটির বিভিন্ন স্কুল-কলেজে পূজা হবে। বিষয়টি নিয়ে আসলে আমরা বিব্রত।’ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকেও এজন্য চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নিশ্চিত করেছেন যে বিষয়টি নিয়ে তারা ইসিতে চিঠি দেবেন।’
