হঠাৎ শচীনের নিরাপত্তা কমিয়ে দিল মহারাষ্ট্র সরকার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৬ এএম

হঠাৎ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাজ্যসভার সাবেক সাংসদ শচীন টেন্ডুলকারের নিরাপত্তা তুলে নিল মহারাষ্ট্র সরকার। এতদিন ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন শচীন। এখন আর তেমনটা পাবেন না। তবে বাড়ির বাইরে গেলে টেন্ডুলকারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এক্স ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থায় শচীনকে সর্বক্ষণ এক পুলিশকর্মী পাহারা দিতেন। শচীনের নিরাপত্তা কমিয়ে নিরাপত্তা বাড়নো হলো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে ও শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরের। এবার থেকে সর্বোচ্চ জেড ক্যাটেগরি সুরক্ষা পাবেন তিনি। এতদিন ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হত আদিত্যকে।

এদিকে, আদিত্য ঠাকরের জন্য জেড ক্যাটেগরি নিরাপত্তা বরাদ্দ করার কারণ হিসাবে মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, বিধায়কের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিরাপত্তা ক্যাটাগরি অনুযায়ী কেবল বাড়ির বাইরে শচীনের নিরাপত্তায় সর্বক্ষণ একজন পুলিশকর্মী থাকবেন। শচীনের নিরাপত্তা কমানো হল কেন? এর উত্তরে প্রশাসনের বক্তব্য, রাজ্যের ৯০ জন বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলাদা করে শুধু শচীনেরই নিরাপত্তা কমানো হয়নি।

কমানো হয়েছে সমাজকর্মী অন্না হাজারের নিরাপত্তা। জেড ক্যাটাগরি থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অন্না হাজারে। উত্তরপ্রদেশের সাবেক রাজ্যপাল রাম নায়েকের নিরাপত্তা কমিয়ে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। সাবেক দুই বিজেপি মন্ত্রী একান্ত খাড়সে ও রাম শইন্ডের নিরাপত্তাও কমানো হয়েছে।

এনসিপি সুপ্রিমো শারদ পওয়ার আগের মতোই জেড প্লাস নিরাপত্তা পাবেন। তবে তার ভাইপো ও মহারাষ্ট্রের হবু উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার জেড ক্যাটেগরি পাবেন এবার থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত