মিয়ানমারে রাখাইন প্রদেশে ক্ষমতাসীন দলের এক নেতাকে হত্যা করেছে বিদ্রোহীরা।
ইয়ে থেইন ওই নেতা দেশটির উপদেষ্টা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বুথিডং শহরের চেয়ারম্যান বলে জানা গিয়েছে।
রয়টার্স জানায়, সোমবার রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালায় মিয়ানমার সামরিক বাহিনী। সে সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বুথিডংয়ের এনএলডির ওই নেতাকে অপহরণ করে বিদ্রোহীরা।
আরকান আর্মির পক্ষ থেকে ইয়ে থেইনকে হত্যার বিষয়টি দাবি করা হলেও এ নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ কিছু জানায়নি।
হেগে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অং সান সু চির মুখোমুখি হওয়ার দুই সপ্তাহ পরেই এই ঘটনা ঘটল।
২০১৭ সালে রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নৃশংস অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী। সেই অভিযানে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও দমন-নিপীড়নের শিকার হয়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
