পাটুরিয়ায় তিন দিনে ১৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৩ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়ায় পাঁচ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার রাত সাড়ে ৩টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রায় ১৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দিনভর টানা ফেরি চলাচল করতে পারলে সন্ধ্যার দিকে যানবাহন অনেকটা কমে আসবে।

একাধিক যানবাহনের চালকরা বলেন, তিন দিনে প্রায় ১৯ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় এই যানজট হচ্ছে।

তবে সবচেয়ে বেশি ভোগান্তি  পোহাতে হচ্ছে ট্রাক চালকদের। ১-২ দিন পর্যন্ত পাটুরিয়ার বিভিন্ন টার্মিনালে বসে থাকতে হচ্ছে পণ্যবাহী ট্রাক নিয়ে। এতে তাদের সময় ও আর্থিক ক্ষতি হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস মিলে দুই এবং পণ্যবাহী তিন শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় ছিল বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত