নুরদের আপত্তিতে সিদ্ধান্ত বদল ঢামেক কর্তৃপক্ষের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ আহতরা আরো কয়েক সেখানেই থাকবেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ সিদ্ধান্তের কথা জানান ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। 

এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা মেডিকেলে ভর্তি আটজনের মধ্যে ভিপি নুরুল হক নুরসহ তিনজনকে হাসপাতাল থেকে বৃহস্পতিবার ছাড়পত্র দেওয়া হচ্ছে।

বাকি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান নাসির উদ্দিন।

তিনি তখন বলেন, নুরুল হক নুর এখন ভালো আছেন। তার কনুইতে ব্যাথা রয়েছে বলে জানাচ্ছেন। সেখানের একটি এক্স-রে করা হয়েছে। নাজমুলেরও এক্স-রে করা হয়েছে। ফারুকেরও কানে সমস্যা ছিল। নাক-কান-গলা বিভাগ ও অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকরা তাকে আরো ভালোমতো দেখেছে। 

এরপর আহতদের কয়েকজন তাদের ছাড়পত্র দেওয়ার বিষয়ে আপত্তি জানান। তারা ঢামেক পরিচালককে তাদের আরো চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানান। 

এরপর ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন দেশ রূপান্তরকে জানান, 'বোর্ডের সিদ্ধান্ত মতো আপাতত হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে না তাদের কাউকেই। দু-এক দিন পরে বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেয়া হবে'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত