চাঁদার দাবিতে সুন্দরবনে গাছের সঙ্গে বেঁধে দুই জেলেকে মারপিট ও কুপিয়ে জখম করেছে বনদস্যু মহিদুল বাহিনী। নির্যাতনের শিকার কাঁকড়া আহরণকারী দুই জেলে হলেন- মোংলার উলুবুনিয়া গ্রামের মারুফ (৫০) ও রফিক (৪৫)।
বনদস্যুদের নির্যাতনে গুরুতর আহত দুই জেলেকে বৃহস্পতিবার সকালে আলোরকোল কোস্টগার্ড টহল স্টেশনে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
আলোরকোল কোস্টগার্ড টহল ফাঁড়ির চিফ পেটি অফিসার মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জেলে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বুধবার রাতে বন বিভাগের দুবলা টহল ফাঁড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
দস্যু বাহিনীর সদস্যদের ধরতে কোস্টগার্ডের অভিযান চলছে বলেও জানান তিনি।
মোংলার উলুবুনিয়ার জেলে মহাজন লিটন জানান, বনদস্যু মহিদুল বাহিনীর ৬/৭ জন সদস্য ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সুন্দরবনের মানিকখালী খালে কাঁকড়া আহরণকারী জেলে নৌকায় আকস্মিক হামলা চালায়। এ সময় চাঁদার দাবিতে দস্যুরা একটি নৌকা থেকে মারুফকে তুলে নেয়। পরে তাকে বনের ভেতর গাছে বেঁধে বেদম মারপিট করে। এ অবস্থায় দস্যুদের হাত থেকে মারুফকে রক্ষা করতে গিয়ে আহত হন অপর জেলে রফিক। এ সময় দস্যুরা ওই এলাকায় থাকা বেশ কয়েকটি জেলে নৌকা থেকে বিপুল পরিমাণ কাঁকড়া লুটে নেয়।
এদিকে, ঘটনাস্থল বনের দুর্গম এলাকায় হওয়ায় দস্যুদের নির্যাতনের শিকার জেলেদের শেষ খবর পাওয়া পর্যন্ত মোংলায় পৌঁছানো সম্ভব হয়নি।
