মায়ের সামনে হাত পা বেঁধে ছেলেকে আওয়ামী লীগ নেতার নির্যাতন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:১২ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কোন কারণ ছাড়াই এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এক যুবককে তার মায়ের সামনে হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যুবককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায়। নির্যাতনের শিকার যুবক ওই গ্রামের রাখাল চন্দ্রের ছেলে রাজু চন্দ্র। আর অভিযুক্ত গ্রাম্য মাতবর আবু তাহের দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির। খবর ইউএনবির।

এ ঘটনায় বৃহস্পতিবার নির্যাতনের শিকার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মুরাদনগর থানায় আবু তাহেরকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কোন কারণ ছাড়াই রাজু চন্দ্রকে মারধর শুরু করে আবু তাহের। যুবকটির মা বাধা দেয়ার চেষ্টা করলেও রাজুর হাত পা বেঁধে মারতে শুরু করে ওই মাতবর।

পরে ঘটনাস্থলে উপস্থিত একজন নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তা ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে।

ওই ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড শীতের মধ্যে রাজুর জামা কাপড় খুলে এবং হাত পা বেঁধে মাটিতে ফেলে তার মুখ ও বুকে মারতে থাকেন আবু তাহের। 

ওই যুবকের বড় ভাই সজল চন্দ্র অভিযোগ করে বলেন, ‘ভাইয়ের ওপর এমন অমানবিক নির্যাতনের বিচার চেয়ে এলাকার গণ্যমান্যদের দ্বারে দ্বারে ঘুরে আমরা ক্লান্ত। আবু তাহেরের বিচার চেয়ে আমি মুরাদনগর থানায় মামলা করেছি।’

দারোরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ফেইসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওটি দেখেছি। অভিযুক্ত আবু তাহের ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পা দিয়ে আঘাত করে অমানুষিকতার পরিচয় দিয়েছেন। আমার বিশ্বাস প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।’

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, ‘যুবক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত