বিপিএলে ভালো করা তরুণদের নিয়ে বিসিবির পরিকল্পনা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:০০ এএম

এবারের বিপিএলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আলো ছড়িয়েছেন। নতুনদের তুলে আনার ব্যাপারে তাই নিজকে সফল দাবি করছে বিসিবি। এবার এই ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য তৈরি করার পালা। বিসিবির গুডবুক তালিকায় ভালো পারফর্ম দিয়ে নাম তুলেছেন মেহেদী হাসান রানা, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মাহমুদ, মেহেদী হাসান। তাদের নিয়ে সামনের পরিকল্পনা জানালেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন।

এই বিপিএলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ধরেছিল বিসিবি। নতুন ক্রিকেটার বের করার ব্যাপারে সফল হয়ে এবার সামনের দিকে তাকাচ্ছেন পাপন, ‘আমাদের তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়ার একটা বড় ব্যাপার ছিল। এতে কিন্তু আমরা সফল। আপনারা যদি দেখেন মেহেদী হাসান, ওকে কিন্তু অফস্পিনার মনে করি আমরা কিন্তু এখন দেখছি টি-টোয়েন্টিতে সে দারুণ ব্যাটও করে। ঢাকা প্লাটুন ওকে ওপরের দিকে খেলিয়েছে এবং দুই ম্যাচেই সে ভালো করেছে। টি-টোয়েন্টির জন্য এ রকম ক্রিকেটার তো লাগবেই। এছাড়া পেসার মেহেদী হাসান রানা ভালো করেছে, হাসান মাহমুদ শুনেছি খুব জোরে বল করতে পারে। এই তরুণদের পাওয়ার পাশাপাশি সিনিয়ররাও আত্মবিশ্বাস নিয়ে ফিরছে। তামিম রানে ফিরেছে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো ব্যাপার। আমি যতদূর দেখেছি তিন-চারজন ক্রিকেটার নজরে এসেছে। ওদেরকে নিয়ে জাতীয় দলের কোচ আসার পর জাতীয় দলের ক্যাম্পে রেখে তৈরি করা যায় কি না সে ব্যাপারে ভাবছি।’

বিপিএলের উইকেট নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন পাপন। এবারের বিপিএলে পুরনো স্পিননির্ভর উইকেট বাদ দিয়ে পেসারনির্ভর করা হচ্ছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত