নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ এক মাদক কারবারী ও তার সহযোগীদের সঙ্গে দুই পুলিশ কর্মকর্তার গানের আসরের ভিডিও ভাইরাল হয়েছে।
গানের আসরের লাইভ ভিডিও দিয়েছেন খোদ সেখানে উপস্থিত থাকা পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় পুরো উপজেলায় চলছে সমালোচনার ঝড়।
তবে ওই দুই পুলিশ কর্মকর্তার দাবি, তারা সেই মাদক কারবারীকে চেনেন না, এমনকি যে বাড়িতে গানের আসর বসেছিল সে বাড়িটি কার সেটাও জানে না।
ওই বাড়িটি কোন এলাকায় তাও জানাতে অপারগতা প্রকাশ করেন দুই পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার রাতে আড়াইহাজার উপজেলার ফেরিঘাটের আশপাশের কোনো একটি বাড়িতে বসেছিল এই নাচ ও গানের আসর।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানার থানার এসআই সজীব সরকারে নিজের ফেইসবুক আইডি থেকে একটি গানের আসরের লাইভ করা হয়। লাইভে দেখা গেছে, একটি বাড়ির বন্ধ কামরায় গানের আসর বসিয়ে মেতে ছিলেন এসআই সজীব সরকার ও এএসআই অজিত চন্দ্র বিশ্বাস। হারমোনিয়াম নিয়ে এক যুবক গান গাইছিলেন আর। ওই আসরে উপস্থিত ছিলেন ছয় থেকে সাতজন লোক। উপস্থিত সবাই একে-অপরের ঘনিষ্ঠ বলে দেখা গেছে ভিডিওতে।
ভিডিওতে দেখা গেছে, এসআই সজীবের পাশেই বসা উপজেলার চিহ্নিত মাদক কারবারী ও বহুবার গ্রেপ্তার হওয়া আল আমিনকে।
একজন মাদক কারবারীর সঙ্গে দুই পুলিশ কর্মকর্তা কীভাবে গানের আসরে মেতে উঠলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
এলাকাবাসী জানান, চিহ্নিত মাদক কারবারী আল আমিন উপজেলার বিশনন্দী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার এএসআই অজিত চন্দ্র বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, আমরা আসলে সেখানে গান হচ্ছিল বলে গিয়েছিলাম। তবে মাদক কারবারী কে সেটা জানতাম না।
তবে কার বাড়িতে এই গানের আসর ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সেটাও জানি না।
অচেনা একটি বাড়িতে কী করে গানের আসরে বসতে পরলেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা নিয়ে ইয়ে করার দরকার নাই। আপনার সঙ্গে পরে যোগাযোগ করব’।
লাইভ ভিডিও করা এসআই সজীব সরকার বলেন, তিনি ওই বাড়িটি কার জানেন না।
বাড়িটি কার বা কোথায় এর উত্তর না দিয়ে তিনি দু মিনিট পরে ফোন করবেন বলে লাইন কেটে দেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এ ব্যাপারে আমি এখনো অবগত নই। বিষয়টি জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।
