কমলগঞ্জে নিখোঁজের ২দিন পর কূপ থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের ২দিন পর গভীর কূপ থেকে সুমাইয়া আক্তার (১২)  নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রহিমপুর ইউপির কালেঙ্গা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু কালেঙ্গা গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শিশু সুমাইয়া রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। শনিবার দুপুরে নাসিমা আক্তার নামের এক মহিলা বাড়ির গভীর কূপে শিশুটির লাশ দেখতে পেয়ে বাড়ির অন্যান্য সদস্যদের জানান।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ও পরে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী অপর একটি দল ছুটে যায় ঘটনাস্থলে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৭০ ফুট গভীরের কূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শিশুটির মা নাজু বেগম তার দ্বিতীয় সংসারের এ শিশুটিকে কেন্দ্র করে দ্বিতীয় স্বামী শহীদ মিয়ার সঙ্গে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে স্থানীয়রা ঘটনাটি পরিকল্পিত হত্যা বলেই ধারণা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত