ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে দুই প্রার্থীর নাম চূড়ান্ত হয়।
তারা হলেন, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম আর দক্ষিণে সাইফুদ্দিন আহমেদ মিলন।
পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রোববার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
প্রেসিডিয়াম কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান জিএম কাদের উপস্থিত ছিলেন।
সাবেক সেনা কর্মকর্তা কামরুল জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন গত সপ্তাহে। আর হাজী মিলন দলের গত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
জাপা সূত্র জানায়, তারা দুই সিটির নির্বাচনে কাউন্সিলদের নামও চূড়ান্ত করবেন রোববার।
ঢাকার দুই সিটির নির্বাচনে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে ফজলে নূর তাপস আর উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলামের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
অপর দিকে বিএনপি ঢাকা উত্তরের জন্য তাবিথ আউয়াল এবং দক্ষিণের জন্য ইশরাক হোসেনের নাম ঘোষণা করে।
৩০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
