গ্রাহককে পরিমাণমতো পেঁয়াজ না দেওয়া এবং ক্ষেত্রবিশেষে কোনো কোনো গ্রাহককে বস্তা বস্তা পেঁয়াজ দেওয়ার অভিযোগে টিসিবির ডিলার মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সকে গতকাল রবিবার ২০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজের মূল্যবৃদ্ধির পর সাধারণ জনগণের পেঁয়াজের চাহিদা মেটাতে টিসিবির মাধ্যমে মৌলভীবাজারে এক মাস ধরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। মৌলভীবাজার পৌরসভা ও সার্কিট হাউজের সামনে টিসিবির ডিলার মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সের মাধ্যমে প্রতিদিন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
গতকাল বিকেলে টিসিবির পেঁয়াজ বিক্রির সময় মৌলভীবাজার পৌরসভার সামনে একটি রিকশায় দুই বস্তা পেঁয়াজ নিয়ে যাওয়ার সময় সেটি আটক করে মৌলভীবাজার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিনকে খবর দেয় স্থানীয়রা। পরে অধিদপ্তরের সহকারী পরিচালক ঘটনার সত্যতা পেয়ে মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
