ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা যুবলীগের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৮ ডিসেম্বর শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবাদে উপজেলা যুবলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন। তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন হওয়ার পর থেকেই বাংলাদেশ পুলিশের সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, বাল্যবিয়ে, ইভটিজিং, বিভিন্ন গুজব নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামকে বিতর্কিত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে যে মিথ্যাচার করেছেন, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সামসুল আরেফীন, কাংশা ইউনিয়নের ইউপি সদস্য হযরত আলী প্রমুখ।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম বলেন, আমার বিরুদ্ধে তারা সম্পূর্ণ ভুল কথা বলেছে।
