টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে সেমিতে রহমতগঞ্জ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:০৩ পিএম

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েছিল আবাহনী লিমিটেড। কিন্তু ব্যবধানটা ধরে রাখা গেল না। সমতা ফিরিয়ে বসে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে সবার আগে এবার ফেডারেশন কাপের সেমি-ফাইনালে টিকিট পেয়েছে রহমতগঞ্জ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার প্রথম কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে কেউ গোল পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। এরপর টাইব্রেকারে আবাহনীকে ৪-৩ ব্যবধানে হারিয়ে রোমাঞ্চকর জয়ের উচ্ছ্বাসে মাতে রহমতগঞ্জ।

আবাহনী একের পর এক আক্রমণ করে গেছে। আর রহমতগঞ্জ রক্ষণে পুরো শক্তি ঢেলেছে। প্রথমার্ধে মোট ১৩ বার গোলে শট নিয়েও সাফল্য পায়নি আবাহনী। রহমতগঞ্জের দুই বিদেশি সেন্টারব্যাক ইউনুসা কামারা ও আপকোকোভ আসরোরভ নিজেদের রক্ষণ আগলে রেখেছিলেন নিখুঁতভাবে।

দ্বিতীয়ার্ধেও ছিল আবাহনীর দাপট। পুরো ম্যাচে রহমতগঞ্জ আক্রমণে যেতে পেরেছে হাতে মাত্র কয়েকবার। তবে ৮০ মিনিটে আরেকটু হলেই আবাহনীকে ঝামেলায় ফেলে দিত পারত দলটি। সানোয়ার হোসেনের বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শট সে দফায় ঠেকিয়ে দিয়ে আবাহনীকে রক্ষা করেছিলেন গোলরক্ষক শহীদুল আলম।

তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। তাতে আবাহনীর নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা ও নাসিরউদ্দিন চৌধূরী লক্ষ্যভেদ করেন। রহমতগঞ্জের হয়ে গোল করেন দিদারুল আলম, তুরায়েভ আকোবির, নাদিম মাহমুদ লিমন, আকপোপভ আসরোরোভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত