সমুদ্রে ধরা পড়া একটি হাঙ্গরকে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি হতে দেখা গেছে। এমন অভিযোগ তুলে সোমবার একটি বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক ও পরিবেশবিদ হোসেন সোহেল হাঙ্গরের কয়েকটি ছবি পোস্ট করেন তার ফেইসবুকে।
ছবির সঙ্গে তিনি ফেইসবুকে লেখেন,
'আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বছর শেষে সমুদ্রের আস্ত হাঙ্গরটি এলো কারওয়ান বাজার। এরপর হাত বদলে ঢাকার শাহীনবাগে হাঙ্গরটিকে ডলফিন বলে বিক্রি করছিলো বিক্রেতা। প্রতি কেজি ৮০০ টাকা।
অথচ হাঙ্গর ধরা মারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।। ছবিতে একটি কিন্তু ছবির বাইরে কতো শত হাঙ্গর এদেশের সমুদ্রে শিকার করা হয় তা অজানা। শুধু তাই নয় হাঙ্গর কোন মন্ত্রণালয় সরাসরি প্রটেকশন দেবে আজও তা স্পষ্ট নয়। তাই নজরদারিও নেই। সমুদ্রের খাদ্য শৃঙ্খলের উপরে বা প্রথম সারিতে রয়েছে হাঙ্গর... সুন্দরবনে যেমনটা রয়েছে বাঘ।'
ছবি : শফিকুল আলম ভাই।'

তার ফেইসবুক পোস্টে পরিবেশ সচেতন ব্যক্তিরা এ ঘটনার নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফরাসী সংস্থা এএফপি'র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম তার ফেইসবুকে জানান, এই হাঙ্গর কারওয়ান বাজার থেকে শাহীনবাগ নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রেতা তাকে জানান, কারওয়ান বাজারের পাইকারি থেকে ৮০০ টাকা কেজিতে এ হাঙ্গর কিনে আনা হয়েছে।
