চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিতে মোহামেডান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৭ পিএম

ভাগ্যের জোরে কোয়ার্টার-ফাইনালে ওঠা মোহামেডান ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে দাপটের সঙ্গে। দলটির কাছে হেরে বিদায় ঘণ্টা বেজেছে চট্টগ্রাম আবাহনীর।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শেষ আটের লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারায় মোহামেডান।

দিনের প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

২৫তম মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন শাহেদ হোসেন। সতীর্থের রক্ষণচেরা পাস পেয়ে প্লেসিং শটে জাল খুজে নেন তিনি। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।

দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফেরার চেষ্টা চালালেও তাতে লাভ হয়নি। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা।

মোহামেডান অবশ্য ব্যবধান আরও বাড়াতে পারত। ৭২ মিনিটে দিয়বাতের শট লাগে গোলপোস্টে। প্রথমার্ধের দুই গোলই জয় এনে দেয় ‘ডি’ গ্রুপের রানার্স-আপদের।

মোহামেডানের কোয়ার্টার-ফাইনালে আসাটা ছিল নিছক ভাগ্য। ‘ডি’ গ্রুপের শীর্ষ তিন দলের পয়েন্ট ছিল সমান ৫, সমান ছিল গোল ব্যবধানও।

এমন অবস্থায় নামের পাশে হলুদ কার্ড বেশি থাকায় হতাশায় ডুবতে হয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। তাতে মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি শেষ আটের টিকিট পায় মোহামেডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত