নারায়ণগঞ্জে শিশুর টনসিল কাটতে গিয়ে দাঁত তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। গত শনিবার রাতে নগরীর আমলাপাড় মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস (প্রা.) লি. নামে একটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির বাবা দিদার হোসেন অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গত রবিবার একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
থানায় করা অভিযোগের তথ্য অনুযায়ী, মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস (প্রা.) লিমিটেডের চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আসাদুর রহমান অভিযোগকারীর ছেলে আবু সালেহ’র (৮) গলার টনসিলের অস্ত্রোপচার করতে যান। এ সময় চিকিৎসক টনসিল কাটার বদলে শিশুটির নিচের চোয়ালের দুটি দাঁত ফেলে দেন। পরে শিশুটির বাবা দিদার হোসেন দাঁত তুলে ফেলার কারণ জানতে চাইলে চিকিৎসক আসাদুর রহমান তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
দিদার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বুঝলাম না, টনসিলের সঙ্গে দাঁতের কী সম্পর্ক। টনসিলের অপারেশনে কেন দাঁত ফেলতে হবে। আমি থানায় জিডি করেছি, আশা করছি প্রশাসন এ ঘটনায় ব্যবস্থা নেবে।’
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস এ গিয়ে চিকিৎসক আসাদুর রহমানকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বর চাইলেও প্রতিষ্ঠানটির কর্র্তৃপক্ষ তা দেয়নি। অন্যদিকে থানায় করা অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘ওই চিকিৎসকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
