পুরোপুরি সেরে না উঠলেও গ্রেপ্তার করানোর জন্য তড়িঘড়ি করে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এ সময় হাসপাতাল থেকে বেরিয়ে নুর সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে। ডাকসু নির্বাচনের আর মাত্র তিন মাস মেয়াদ আছে। এই মামলায় দুই মাসের আগে জামিন হয় না। এজন্য আমাকে গ্রেপ্তার করানোর জন্য তড়িঘড়ি করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
পুরোপুরি সেরে ওঠেননি জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনো হাঁটতে পারছি না। সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। কাশি দিলে পাঁজরে ব্যথা পাই। মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখি।’
ডাকসু ভিপি বলেন, ‘আমাকে মেরে ফেলার জন্য আটবার হামলা করা হয়েছে। এগুলো সব সরকারের ইশারায় করা হয়েছে বলে আমি মনে করি। সরকারের বিরুদ্ধে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলায় আমার ওপর হামলা হচ্ছে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগের যেভাবে সাফাই গাওয়া হচ্ছে, সেটি হয়তো আমাকে মেরে ফেলার কোনো ষড়যন্ত্র। এখন মনে হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত করতে চাচ্ছে তারা।’
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ডাকসু ভবনে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ভিপি নুরুল হক নুরসহ তার সংগঠনের অন্তত ২৪ জন আহত হন।
ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এপিএম সোহেলকে ডাকসু ভবনের তৃতীয় তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। আহতদের মধ্যে তুহিন ফারাবিকে (২৫) আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
