ব্রিটিশ গণমাধ্যমে মুসলিমদের ‘ভিন্নভাবে’ দেখা হয়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৫ পিএম

ব্রিটিশ পত্রিকায় ইসলাম ও মুসলিমদের নিয়ে খবর প্রকাশে ভিন্নভাবে দেখা হয়। যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ে এই পর্যবেক্ষণ প্রকাশ করেন দেশটির সংবাদমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ব্রিটিশ পত্রিকায় গত পাঁচ বছরে ইসলাম ও মুসলিমদের নিয়ে খবর প্রকাশকে  ‘সবচেয়ে জটিল ইস্যু’ হিসেবে অবহিত করেছেন ইন্ডিপেনডেন্ট প্রেস স্টান্ডার্ড অর্গানাইজেশনের (ইপসো) সদ্য সাবেক চেয়ারম্যান স্যার অ্যালান মোজেস।

যুক্তরাজ্যজুড়ে সংবাদ পত্রিকা ও ম্যাগাজিন জগতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে ইপসো। ২০১৪ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান দেশটির সাবেক বিচারক অ্যালান।

তিনি বলেন, ‘আমার নিজস্ব ধারণা পত্রিকাগুলোতে মুসলিমদের নিয়ে সময়ে সময়ে এমনভাবে লেখা হয়, আমার মনে হয় না ইহুদি বা রোমান ক্যাথলিকদের নিয়ে এভাবে লেখাটা সহজ হতো।’

যুক্তরাজ্যের মাত্র পাঁচ শতাংশ সংখ্যালঘু মুসলিমদের নিয়ে লেখার সময় সাংবাদিকদের জন্য ইপসোর নির্দেশিকা প্রকাশের দুই মাস আগে এমন মন্তব্য করলেন তিনি।

যুক্তরাজ্যে সম্প্রতি সময়ে বৃদ্ধি পাওয়া ইসলাম-ভীতি এবং এ নিয়ে ব্রিটিশ পত্রিকার ভূমিকা নিয়ে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির শুনানিতে এই নির্দেশিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।

কমিটির শুনানিতে ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির কো-চেয়ার সাইয়েদা ওয়ারসি বলেন, ‘প্রথম পৃষ্ঠায় মুসলিম বিদ্বেষী বিষয় থাকলে পত্রিকার কাটতি বাড়ে। এটি নতুন কিছু নয়, খবরের এমন শিরোনাম ৩০ এর দশকে ইহুদি সম্প্রদায় নিয়ে করা হতো।’

এর আগে ট্রান্সসেক্সুয়াল এবং যৌন হয়রানিতে ভুক্তভোগী মানুষদের নিয়ে সংবাদ প্রকাশে এমন নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল।

আপিল আদালতের সাবেক বিচারক স্যার অ্যালানের মতে, ‘এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে এ রকম নির্দেশিকা তৈরি করাটাই হলো সচেতনমূলক, মার্জিত ও ভালো উপায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত