পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারায় ছাত্রের আত্মহত্যা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৫:১৮ পিএম

বার্ষিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে। আত্মহত্যাকারী রুদ্র সরকার আলয় (১২) চানপুর গ্রামের চা বিক্রেতা রাখাল সরকারের পুত্র।

আলয়ের বাবা রাখাল সরকার কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আলয় ভালো ছাত্র হয়েও পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে না পারায় মন খারাপ করে সন্ধ্যায় বাড়িতে ফেরে। সন্ধ্যার পর নিজের ঘরে ঢুকে গলায় মাফলার পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত