যাত্রা শুরু হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ইনডোর ক্রিকেট সেন্টারের। মঙ্গলবার বিকেলে সাভারের বিকেএসপিতে নারী ইনডোর ক্রিকেট সেন্টারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকায় নির্মিত এ সেন্টারটি গত বছর জুলাইয়ে নির্মাণকাজ শুরু হয়ে এ বছর ডিসেম্বরে শেষ হয়। প্রকল্পের আওতায় এ সেন্টারে আগামী দুই বছরে প্রায় ২০০ নারী ক্রিকেটার প্রশিক্ষণ লাভ করবে।
নারী ইনডোর ক্রিকেট সেন্টারের উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নারী ক্রিকেটের উন্নয়নে নিরলস কাজ করছি। আমরা তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে চাই। সর্বশেষ এস এ গেমসে আমাদের নারী ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি বিশ্বাস করি, দেশের নারী ক্রিকেটের উন্নয়নে এ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
নারী ইনডোর ক্রিকেট সেন্টার উদ্বোধনকালে যুব ও ক্রীড়া সচিব জনাব মো. আখতার হোসেন, বিকেএসপির মহাপরিচালক রাশিদুল হাসান উপস্থিত ছিলেন।
