বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে ৪ হাজার প্যারাট্রুপার পাঠাচ্ছে ওয়াশিংটন। আগামী ৪ দিনে পর্যায়ক্রমে কুয়েতে অবতরণ করবে এসব মার্কিন সেনা।
ডেইলি মেইল জানায়, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সৈন্যদের মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে ওয়াশিংটন। ইতিমধ্যে ৭৫০ জন প্যারাট্রুপার কুয়েতের পথে যাত্রা করেছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।
মার্কিন দূতাবাসে হামলার জন্য প্রতিবেশী ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর এমন সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।
ইংরেজি নববর্ষের প্রাক্কালে এক টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হলে ইরানকে ‘অনেক বড় মাশুল দিতে হবে।’
যদিও মার্কিন দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান সেই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে ৮২ তম এয়ারবর্ন ডিভিশনের মোট ৪ হাজার সেনাকে কুয়েতে পাঠানো হবে।
এসপার বলেন, ‘মার্কিন বাহিনী ও কর্মীদের অবস্থানের ওপর ক্রমবর্ধমান হুমকি যেমনটা বাগদাদে প্রত্যক্ষ করলাম তার জবাবে যথাযথ ও সতর্কমূলক পদক্ষেপ গ্রহণ করতে এই সেনা মোতায়েন করা হয়েছে।’
রবিবার মার্কিন হামলায় আধাসামরিক বাহিনীর দুই ডজনের বেশি যোদ্ধা নিহতের ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা মঙ্গলবার এ হামলা চালায়।
রবিবার ইরাক ও সিরিয়ায় কাতায়েব হেজবুল্লাহ মিলিশিয়ার সদর দপ্তরসহ পাঁচটি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ২৫ যোদ্ধা নিহত হন। আহত হন আরও ৫৫ যোদ্ধা।
গত ২৭ ডিসেম্বর কিরকুকে একটি ইরাকি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন সামরিক কন্ট্রাক্টর নিহত ও কয়েকজন মার্কিন সেনা আহত হওয়ার পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।
