অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থেকে ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহর নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার তারা এই ঘোষণা দেয়।
নাসিম এরই মধ্যে পাকিস্তান জাতীয় দলে খেলে ফেলেছেন। ৩ টেস্ট খেলা এই ডানহাতি ফাস্ট বোলার সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেহেতু নতুনদের ওঠে আসার মঞ্চ, এ কারণেই নাসিমকে এই আসর থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে পিসিবি।
নাসিমকে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলাতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। অন্যদিকে নাসিমের পরিবর্তে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে যুব বিশ্বকাপের দলে নিয়েছে পিসিবি।
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় নাসিমের। ১৬ বছর বয়সী এই তারকার বয়স নিয়ে তখন তোলপাড় হয়েছিল অনেক।
এরপর গেল ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত দুই টেস্টেই খেলেছেন নাসিম। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টে সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
যুব বিশ্বকাপে পাকিস্তান ২০০৪ ও ২০০৬ আসরের চ্যাম্পিয়ন। এবারের আসরে তারা ‘সি’ গ্রুপে খেলবে। যেখানে তাদের সঙ্গী- স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশ। ১৯ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে পাকিস্তান।
