টানা পঞ্চম দিন অনশন: অর্ধশত পাটকল শ্রমিক অসুস্থ

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০১:২৪ পিএম

পঞ্চমদিনের মতো বৃহস্পতিবার আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকেরা। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুরাদ হোসেন বার্তা সংস্থা ইউএনবি’কে জানান, প্রচণ্ড শীত ও ক্ষুধায় প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি বলেন, “অসুস্থ ১১ শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্যান্যদের তাদের নিজ নিজ অনশনস্থলে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।”

খুলনার স্টার, প্লাটিনাম, ক্রিসেন্ট, আলিম, ইস্টার্ন, দৌলতপুর, খালিশপুর এবং যশোরের জেজেআই ও কার্পেটিং পাটকলের প্রায় ৫০ হাজার শ্রমিক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

স্টার জুট মিলের সিবিএ সভাপতি বেল্লাল মল্লিক জানান, তাদের ১১ দফা দাবির মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া ৫ সপ্তাহের মজুরি পরিশোধ, অবসরে যাওয়া শ্রমিকদের পাওনা পরিশোধ, মিলগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে না দেওয়া এবং মিলের যন্ত্রপাতি সংস্কার অন্যতম।

এর আগে গত ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ধর্মঘট এবং আমরণ অনশন পালন করেন রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকেরা। ১২ ডিসেম্বর প্লাটিনাম জুট মিলের শ্রমিক আবদুর সাত্তার (৫৫) অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) মারা যান। পরে শ্রম প্রতিমন্ত্রী দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১৭ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন শ্রমিকেরা।

তবে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় গত শুক্রবার খুলনা শহরে অনুষ্ঠিত এক বৈঠকের পর পুনরায় আমরণ অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দেন সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত