আরবের পোশাক পরা নিয়ে বিতর্ক, কুয়েট প্রশাসনের নিষেধাজ্ঞা

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০৮:৩৪ পিএম

শেষ ক্লাস উপলক্ষে সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের ছাত্ররা আরবদের মতো পোশাক পরেন। মেয়েরা পরেন শাড়ি। তারা ক্যাম্পাসে শোভাযাত্রা করেন, একসঙ্গে ঘুরে বেড়ান এবং ছবি তোলেন। 

আরব দেশীয় পোশাক পরা কিছু ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেন। এরপর ছবিগুলো ভাইরাল হয়।

কুয়েট প্রশাসন ক্যাম্পাসে শোভাযাত্রা করা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। বুধবার কুয়েট রেজিস্ট্রার কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ পোশাক সম্পর্কে জানাতে ওই ব্যাচের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।   

কুয়েট রেজিস্ট্রার জি এম শহিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কিছু নির্দিষ্ট পোশাক পরিধান করে শোভা বা র‌্যালিতে অংশগ্রহণ করছে- যা বাংলাদেশের সংস্কৃতির পরিপন্থী বিধায় বিশ্ববিদ্যালয়কে বিব্রতকর অবস্থায় ফেলছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ দফতর, সংশ্লিষ্ট হল প্রভোস্ট বা বিভাগীয় প্রধানদের কাছ থেকে পোশাক সংক্রান্ত মতামত গ্রহণ করার জন্য অনুরোধ করা হল এবং ছাত্র কল্যাণ দফতর, সংশ্লিষ্ট হল প্রভোস্ট বা বিভাগীয় প্রধান ও সকল শিক্ষকদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।’

কুয়েট শিক্ষার্থীদের ভিন্নধর্মী এ আয়োজন আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। ভিন্নধর্মী পোশাক পরায় কেউ কেউ তাদের প্রশংসা করলেও অনেকে আবার তাদের এমন ধরনের পোশাক নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। বিষয়টি গণমাধ্যমেও বেশ আলোচনার সৃষ্টি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত