তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল শেন ওয়াই-মিংসহ আটজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটের দিকে রাজধানী তাইপের পাহাড়ি এলাকায় জরুরি অবতরণকালে ইউএইচ-৬০ এম ব্লাক হাউওয়াক মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে খবর দিয়েছে রয়টার্স।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৬২ বছর বয়সী সেনাপ্রধানসহ সামরিক বাহিনীর ১৩ কর্মকর্তা তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলের ইয়ালান কাউন্টি সেনাঘাঁটিতে নিয়মিত সফরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়।
প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এক বিবৃতিতে বলেছেন, কমান্ডার ইন চিফ হিসেবে তিনি ও মন্ত্রিসভা উদ্ধার তৎপরতা তদারক এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবেন। আগামী ১১ জানুয়ারির নির্বাচনে ফের সাই ইংয়ের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। শোক জানিয়ে তিনি তিনদিন নির্বাচনী প্রচারণা বন্ধের ঘোষণা দিয়েছেন।
এশিয়ার রাজনৈতিক ঝুঁকিবিষয়ক বিশ্লেষক রোজ ফেনগোল্ড আলজাজিরাকে বলেন, ‘প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ফলে সঠিক তদন্তে সময় লাগবে। দুর্ঘটনার সঙ্গে হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি জড়িত থাকতে পারে।’
