বগুড়ায় গত বুধবার পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান আরমানসহ ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বগুড়া শহরের শহীদ খোকন পার্কে সমবেত হয়। সেখানে নেতাকর্মীরা জুতা-স্যান্ডেল পায়ে শহীদ মিনারে ওঠে। পুলিশ তাদের জুতা পায়ে শহীদ মিনারে উঠতে নিষেধ করায় প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
সদর থানা সূত্রে জানা গেছে, মামলায় গ্রেপ্তার হওয়া ২৫ জনসহ মোট ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের নামও রয়েছে। মামলায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশে ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলার আগে গত বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ১৪ জনকে আটক করে। রাতে শিবগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান আরমানসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
