নতুন বছরে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে কাতালান ডার্বিতে এস্পানিওলের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। এর আগে অনুশীলনে নিজেদের ঝালাই করতে নেমেছে দলটির খেলোয়াড়রা।
স্পেনের শীর্ষ লিগের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় এস্পানিওলের মাঠে খেলতে নামবে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। এদিন দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্বাগতিক গেতাফের।
বড় দিনের ছুটি কাটিয়ে ফিরেছেন বার্সেলোনার খেলোয়াড়রা। শুক্রবার অনুশীলন করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও আর্টুরো ভিদালরা।
এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো। অনিশ্চয়তা আছে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগানকে নিয়েও। ফলে এস্পানিওলের বিপক্ষে তাদেরকে পাচ্ছেন না বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।
নতুন বছরে লিগের শিরোপার লড়াই বার্সেলোনা ও রিয়ালের মধ্যে দারুণভাবে জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আঠারোটি করে ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল।
৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে সেভিয়া। চতুর্থস্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩২।
