এনআরসি আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গে আবারও আত্মহত্যার ঘটনা ঘটল। নথিপত্রে নামের বানান ভুল থাকায় সৃষ্ট হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন জলপাইগুড়ির বাসিন্দা আব্দুল কাসেম।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কাসেমের মৃত্যুর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী আনসুরা বেগম।
বাড়ি ডুয়ার্সের ক্রান্তি ফাঁড়ির অন্তর্গত চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব দোলাইগাঁও গ্রামের বাসিন্দা আবদুল কাশেম পেশায় ছিলেন দিনমজুর।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, কাশেমের ভোটার কার্ড ও আধার কার্ডে নাম ভুল ছিল। নাগরিকত্ব প্রমাণ করার মতো জমির কাগজপত্রও তার কাছে ছিল না। গত কয়েক মাস ধরে এনআরসি সংক্রান্ত নথিপত্র জোগাড় করা নিয়ে মানসিক টানাপোড়েনের মধ্যে ছিলেন তিনি। কাগজপত্র না থাকলে ভিটেমাটি ছাড়তে হওয়ার আতঙ্কে ভুগছিলেন তিনি।
কাশেমের স্ত্রী আনসুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় সকালে টিভিতে খবর দেখছিলাম। ওই সময় টিভিতে এনআরসি সংক্রান্ত কিছু দেখাচ্ছিল। এরপর তার স্বামী হঠাৎ বলেন, আমার বেঁচে থেকে লাভ নেই। এ কথা বলে ঘর থেকে বেরিয়ে চলে যান তিনি। অনেকক্ষণ পর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। এরপরই বাড়ির কাছে একটি গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আব্দুল কাশেমের দেহ।
এফআইআরে আনসুরা লেখেন, ‘আমার স্বামী এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। এর দায় নরেন্দ্র মোদি ও অমিত শাহের।’
জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি জানান, ‘অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ এনআরসি আতঙ্কে জলপাইগুড়ি জেলায় গত সেপ্টেম্বর থেকে ৬ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
