স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এলে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন। আর বিএনপি-জামায়াত সেই মসজিদে বোমা মারে, জঙ্গি প্রশিক্ষণ দেয়।’ তিনি গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বালিয়াটী বাজার থেকে বালিয়াটী পশ্চিম চালা সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর ছাড়াও, বালিয়াটী দাখিল মাদ্রাসার চারতলা ভবন, হাজিপুর-সাটুরিয়া পাকা সড়ক এবং ১৩ কোটি টাকা ব্যয়ে সাটুরিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ ফটো, বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন প্রমুখ। উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজউদ্দিন মাস্টারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতারা।
