ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ওয়ার্ড ৪১ নম্বরের কাউন্সিল প্রার্থী হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পাওয়ার দাবি জানিয়েছেন দুজন। তাদের একজন বিলুপ্ত সাঁতারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নবগঠিত ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন। অন্যজন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, যিনি নিজেকে বাড্ডা থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য দাবি করেছেন।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের যে তালিকা প্রকাশ করা হয় তাতে নাম আছে আবদুল মতিনের। এমন পরিস্থিতিতে বর্তমান কাউন্সিলর সফিকুল ইসলামের ক্ষমতাসীন দলের সমর্থন পাওয়ার দাবি নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ সফিকুল নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করলেও স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তিনি আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর হলেও নেতাকর্মীদের পাশে থাকেননি। তাদের একজন ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সফিকুল আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর হলেও দলের জন্য কিছু করেননি। বরং বিএনপির কর্মীদের আশ্রয় দিয়ে আসছেন। এ অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘এসব কথাবার্তা মিথ্যা বানোয়াট। আমি কারও নামে দুর্নাম করতে চাই না।’ তিনি বলেন, ‘দল থেকে গত বৃহস্পতিবার মহানগরের সভায় আমাকে নতুন করে সমর্থন দেওয়া হয়েছে।’ তার কাছে দলীয় কার্যালয়ের স্বাক্ষরিত চিঠি আছি দাবি করে সফিকুল বলেন, ‘দলের সিনিয়র নেতারা আমাকে এলাকায় কাজ করতে বলেছেন। আমি তাদের নির্দেশে কাজ করব। দল আমাকে এককভাবে সমর্থন দিয়েছে।’ তবে আবদুল মতিন দেশ রূপান্তরকে বলেন, ‘২৯ ডিসেম্বর দলীয় কার্যালয় থেকে স্বাক্ষরিত এক চিঠি থেকে আমাকে সমর্থন দেওয়া হয়েছে। আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না। নির্বাচনে থাকব শেষ পর্যন্ত। কারণ আমার দল আমাকে সমর্থন দিয়েছে।’
