গায়ে গুলির মতো দাগ নিয় মুখ থুবড়ে পড়েছিল মা হাতি। তার পাশে ঘুর ঘুর করছে বাচ্চা হাতি। একবার ছুঁয়ে দেখছে, শুঁড় দিয়ে স্পর্শ করছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের গহীন অরণ্যে দেখা গেল এ হৃদয়বিদারক দৃশ্যের।
শনিবার বিকালের দিকে ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা নামক এলাকায় এ মৃত হাতির সন্ধান পায় বন বিভাগ। খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, নিয়মিত টহল দল ও প্রাণি সম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থল পরিদর্শন করেন ।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বলেন, রাজঘাট বিট কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তাৎক্ষণিক বয়সজনিত কারণে মা হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি উর্ধ্বতন মহলকে জানানো হলে বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মো. তৌহিদুল ইসলাম, সদরের বিশেষ টহলের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, মা হাতিটি শনিবার সকালেও ছোটাছুটি করছিল। আবার শুয়েও ছিল। ওই সময় প্লটে কাজ করা এক শ্রমিক মৃত হাতিটি শুয়ে আছে মনে করে পালিয়ে দূরে অবস্থান করেন। দীর্ঘক্ষণ নড়াচাড়া না দেখে স্থানীয় রাজঘাট বিট কর্মকর্তাকে জানান তিনি। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত বলে নিশ্চিত করেন।
এলাকাবাসী আরো জানান, মা হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্নের মত দাগ রয়েছে। তাদের ধারণা কে বা কারা কয়েকদিন আগে মা হাতিটিকে গুলি করেছিল। অসহ্য যন্ত্রণায় হাতিটির মৃত্যু হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, মৃত হাতিটি ময়নাতদন্ত করার জন্য ইতিমধ্যেই প্রাণি সম্পদ অধিদপ্তরের চিকিৎসকগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানতে পারব।
এলাকাবাসী জানান, মৃত মায়ের পাশে এক বছর বয়সী বাচ্চা হাতিটি বার বার শুয়ে পড়ছিল। এমনকি কান্নাও করছিল। মায়ের পাশে গিয়ে স্পর্শ করার দৃশ্য দেখে লোকজন আবেগ্লাপুত করে। এমনকি এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়।
সূত্র: পূর্বকোণ।
