ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০২:০১ পিএম

ফরিদপুরের মধুখালীতে চোর সন্দেহে মনি শেখ (৩৪) ওরফে নুরু নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার ঝাহাপুর ইউনিয়নের এলাহীপুর গ্রামে রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

মনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর গ্রামের ফেলু শেখের ছেলে। তিনি বিবাহিত, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনি ও তার দুই সহযোগী রাত আনুমানিক ৩টার দিকে এলাহীপুর গ্রামের সোহরাব মাতুব্বরের বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত নিয়ে ভ্যান পালানোর সময় গ্রামবাসীর কাছে ধরা খান। এ সময় তার দুই সহযোগী পালিয়ে গেলেও গ্রামবাসীর পিটুনিতে মনি মারাত্মকভাবে আহত হয়। ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল আলম বলেন, এ ব্যাপারে রবিবার দুপুরে মনির বাবা ফেলু শেখ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত