সেনা বহিষ্কার করলে ইরাককে ‘বড় নিষেধাজ্ঞার’ হুমকি ট্রাম্পের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১০:৩৩ এএম

ইরাক মার্কিন সেনা বহিষ্কারের সিদ্ধান্ত নিলে দেশটির ওপর ‘বড় ধরনের নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় ছুটি কাটিয়ে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান বিমানে স্থানীয় সময় রবিবার এ হুঁশিয়ারি দেন তিনি।

মার্কিনসহ সব বিদেশি সেনাদের ইরাক ছেড়ে যাওয়ার আহ্বান সম্বলিত একটি প্রস্তাব রবিবার পাস করেছে দেশটির পার্লামেন্ট। এরপরই এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প।

সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইরাকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ব্যয়বহুল বিমান ঘাঁটি রয়েছে। শত শত কোটি ডলার এই ঘাঁটি তৈরিতে ব্যয় হয়েছে। সেই অর্থ ফেরত না দিলে আমরা যাব না।’

ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৫,০০০ সেনা রয়েছে। কাগজে-কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছে।

ট্রাম্পের নির্দেশে শুক্রবার ভোরে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলেইমানির সঙ্গে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও নিহত হন। এতে ইরাকের শিয়াদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে।

ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যের’ তালিকাভুক্ত ইরানি সাংস্কৃতিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ট্রাম্পের হুমকি ‘যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে’ বলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এরপরও নিজের অবস্থানে অনড় ট্রাম্প।

তিনি বলেন, ‘যদি তারা কিছু করে, তাহলে বড় ধরনের পাল্টা হামলা চালানো হবে।’

ইরানকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের জনগণকে হত্যা করতে পারবে। তাদের নির্যাতন, বিকলাঙ্গ করতে পারবে। তারা রাস্তার পাশে বোমা পুঁতে রেখে আমাদের জনগণকে উড়িয়ে দিতে পারবে। আর আমরা তাদের সাংস্কৃতিক স্থাপনা স্পর্শ করতে পারব না? এটা ওই ভাবে কাজ করবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত