বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে কাজ করছেন ওটিস গিবসন। সাবেক এই ক্যারিবিয়ান পেসারকে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে গুঞ্জন চলছিল ক’দিন ধরেই। যে প্রস্তাবের কথা স্বীকার করলেন গিবসন।
একই সঙ্গে তার কথায় অন্তত এটাও বোঝা গেল- সুযোগ পেলে মোস্তাফিজুর রহমানদের কোচ হতে আগ্রহী তিনি।
গত মাসেই বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন শার্ল ল্যাঙ্গাভেল্ট। গেল বছর জুলাইয়ে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। কিন্তু পাঁচ মাসের মাথায় নিজ দেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পাওয়ায় বিসিবির চাকরি ছাড়েন তিনি। এরপর থেকেই বোলিং কোচ খোঁজে যাচ্ছে বিসিবি। গিবসন আছেন পছন্দের তালিকায়।
সোমবার মিরপুরে বিসিবির একাডেমি মাঠে ছিল কুমিল্লার অনুশীলন। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হন গিবসন। সেখানেই এক প্রশ্নের উত্তরে গিবসন বলেন, ‘হ্যাঁ, আলোচনা চলছে। এটা আমি অস্বীকার করব না। তবে চূড়ান্ত কিছু হওয়া এখনো অনেক দূর।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন ৫০ বছর বয়সী গিবসন। তবে তার প্রথম শ্রেণির ক্রিকেট বেশ সমৃদ্ধ। খেলেছেন ১৭৭টি প্রথম শ্রেণির ম্যাচ। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২১২টি। আছে ২৫টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও।
সব ধরনের ক্রিকেটকে বিদায় বলার পর গিবসন বেছে নেন কোচিং পেশা। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার অধীনেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্যারিবীয়রা। এর আগে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে। সবশেষ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন দুই বছর।
বাংলাদেশের কোচ হতে আগ্রহী কিনা এই প্রশ্নে গিবসন বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।’
