ব্যবহৃত প্লাস্টিক জমা দিলে নগদ টাকা পাবেন পর্যটকরা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১০:৫০ পিএম

রাঙামাটির সাজেক ভ্রমণে যাওয়া পর্যটকরা ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে পাবেন নগদ টাকা।

দেশের পর্যটন এলাকার পরিবেশ দূষণ কমাতে এই উদ্যোগ নিয়েছে টুরিস্ট গ্রুপ ওয়াইল্ড টুরিজম বাংলাদেশ। প্রতিষ্ঠানটির আয়োজনে ১৭ থেকে ১৯ জানুয়ারি সাজেকে ভ্রমণে যাওয়া পর্যটকরা এই উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক জমা দিলে নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন।

পর্যটকরা প্লাস্টিকের একটি মোড়কজাত প্যাকেট জমা দিলে ১ টাকা, দেড় লিটার পর্যন্ত পানির বোতল ২ টাকা, দুই লিটারের পানির বোতল ৩ টাকা এবং ৫ লিটারের পানির বোতল এনে দিলে ৫ টাকা পাবেন।

ওয়াইল্ড টুরিজম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত শাকিল বলেন, ‘বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ব্যাপক। কিন্তু অসাবধানতার কারণে মানুষের ফেলে রাখা বিভিন্ন উচ্ছিষ্টে পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে। প্লাস্টিকে চাপা পড়ে বিলীন হচ্ছে সেন্টমার্টিনের প্রবাল। আমরা মনে করি, পর্যটকদের মধ্যে যদি প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতাবোধ জাগ্রত করা যায় তাহলে সারাদেশে ইতিবাচক প্রভাব পড়তে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত