মাদক যুদ্ধে মেক্সিকোয় নিখোঁজ ৬১ হাজারের বেশি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১১:৩৩ এএম

মেক্সিকোর সরকার সোমবার জানিয়েছে, শক্তিশালী চক্রগুলোর মধ্যে ক্রমবর্ধমান সহিংস মাদক যুদ্ধে ৬১ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। যা সরকারের পূর্বাভাসের ৫০ শতাংশ বেশি। খবর আল জাজিরা।

সম্প্রতি এক বছর পূর্ণ হয়েছে প্রেসিডেন্ট আন্ড্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডারের। তার সরকার জুনে ৪০ হাজার নিখোঁজের কথা বলেছিল।

এক সংবাদ সম্মেলনের ন্যাশনাল রেজিস্ট্রি অব মিসিং অব মিসিং পারসন্সের (আরএনপিইডি) প্রধান কার্লা কুইনটানা বলেন, সরকারি তথ্য উপাত্তের হিসেবে নিখোঁজের সংখ্যা ৬১ হাজার ৬৩৭ জন। যাদের এক-চতুর্থাংশ নারী।

৯৭.৪ শতাংশ নিখোঁজ রয়েছেন ২০০৬ সাল থেকে। ওই সময় প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন মাদক চক্রগুলোকে ধ্বংস করতে সেনাবাহিনীকে নিযুক্ত করেন। তাদের মধ্যে অভ্যন্তরীণ লড়াইও দানা বাঁধে।

তবে লোপেজের সরকার ‘গুলি নয়, ভালোবাসা’ নীতি গ্রহণ করেছে সহিংস অপরাধের বিরুদ্ধে। তার বদলে প্রাধান্য দিয়েছে বৈষম্য ও দুর্নীতি মোকাবিলাকে। কিন্তু মাদক সহিংসতায় মৃত্যু বেড়েই চলেছে।

২০১৯ সালে দেশটিতে রেকর্ডসংখ্যক হত্যাকাণ্ড ঘটে। কর্মকর্তারা জানান, ৮৭৩টি সমাধিস্থলে তারা ১ হাজার ১২৪টি মৃতদেহ পেয়েছেন।

মৃতদেহের পরিচয় শনাক্তকরণে সরকার ডিএনএ ডেটাবেইস তৈরি করেছে। তবে এখনো বেশির ভাগেরই পরিচয় জানা যায়নি।

সাধারণত মাদক ও অপহরণকারী চক্রগুলো সহিংসতার শিকার ব্যক্তি বা প্রতিদ্বন্দ্বীর মৃতদেহ লুকাতে চিহ্নহীন গর্ত ব্যবহার করে। এ কারণে অনেক মৃতদেহ পাওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত